যুক্তরাজ্যে রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার সন্দেহে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। ৪১ বছর বয়সী ওই সেনাসদস্যকে ইংল্যান্ডের গ্লস্টার শহরের কাছে থেকে আটক করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) ব্রিটিশ পুলিশ এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনের দুটি ধারায় অপরাধের সন্দেহ রয়েছে। এর মধ্যে রয়েছে সংরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থাকে সহায়তা করা। পুলিশ জানিয়েছে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট দেশ রাশিয়া। তবে গ্রেপ্তার হওয়া সেনাসদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, গুপ্তচরবৃত্তির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট এই গ্রেপ্তারের ঘটনা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং মিত্রদের নিরাপত্তা বিপন্ন করে এমন কর্মকাণ্ডের ক্ষেত্রে এফবিআইয়ের কোনো ছাড় নেই।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেন, সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা একজন জ্যেষ্ঠ সেনাসদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রতিষ্ঠানের ভেতর থেকেও নিরাপত্তার জন্য হুমকি তৈরি হওয়ার বিষয়টি সামনে এনেছে। এ ধরনের হুমকি সব সময়ই বিদ্যমান।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, গ্লস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ, দেশটির সেনাবাহিনী ও এফবিআইয়ের সঙ্গে সমন্বয় করে তদন্ত চালাচ্ছে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ। তবে গ্রেপ্তারের ঘটনাটি পুলিশের চলমান অন্য কোনো সন্ত্রাসবাদবিরোধী তদন্তের সঙ্গে সম্পর্কিত নয়।
এদিকে, যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ সরিয়ে নেওয়ার ঘটনার পরদিনই এই গ্রেপ্তারের খবর এল। সোমবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলে রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী কয়েকটি উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হুমকির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।
এর আগে গত সেপ্টেম্বরে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। ওই বিমানগুলো ব্যবহার করেই ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ঘাঁটিটিকে কেন্দ্র করে একটি নিরাপত্তা ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার কথা বলেছে ব্রিটিশ পুলিশ। তবে যুক্তরাজ্যে কোনো হামলা বা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।
