জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম-এমপি বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তৃতা বা সফর থেকে আমাদের দেশের কী অর্জন হল, সে ব্যাপারে জনগণের কাছে কোনো স্পষ্ট বার্তা নেই।
তিনি আরও বলেছেন, ‘পরিবারতান্ত্রিক যে লিগ্যাসির কারণে উনি (তারেক রহমান) সেখানে (জাতিসংঘ) গিয়ে বক্তৃতা দিতে পেরেছেন, এটাই বিএনপির অর্জন। দেশের জন্য কোনো কিছু আনতে পারেননি।’
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পলিটিকাল কাউন্সিল-পিসি) জরুরির সভার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
এসময় নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষায় সংস্কার করে দেশটাকে নতুনভাবে পুনর্গঠন করার চেষ্টা আমাদের ছিল, সেই আকাঙ্ক্ষার কথা, গণহত্যাকারীদের বিচারের কথা, গণঅভ্যুত্থাণের বিষয়ে জাতিসংঘ থেকে দেওয়া রিপোর্টে উল্লেখিত বিষয়গুলো উনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) জাতিসংঘে তুলে ধরতে পারেননি। তিনি আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা নিয়ে আসতে পারেননি।”
তিনি আরও বলেন, “দেশের যে অর্থনৈতিক সংকট চলমান সে বিষয়েও আমরা কীভাবে সহযোগিতা পাবো, সেটি উনি তুলে ধরতে পারেননি। ফলে, জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তৃতা বা সফর থেকে আমাদের দেশের কী অর্জন হল, সে ব্যাপারে জনগণের কাছে কোনো স্পষ্ট বার্তা নেই।”
প্রধানমন্ত্রীর জাতিসংঘে অংশ নেওয়ার অর্জনকে প্রশ্নবিদ্ধ করে এ এনসিপি নেতা বলেন, “অর্জন নাকি তিন প্রজন্মের তিনজন সেখানে (জাতিসংঘ) গিয়ে বক্তব্য দিয়েছেন। তার মানে পরিবারতান্ত্রিক যে লিগ্যাসির কারণে উনি (তারেক রহমান) সেখানে গিয়ে বক্তৃতা দিতে পেরেছেন, এটাই হচ্ছে বিএনপির অর্জন। দেশের জন্য উনি কিছুই করতে পারেননি। দেশের জন্য কোনো কিছু আনতে পারেননি। দেশের সংকটগুলাকে উনি তুলে ধরতে পারেননি।”
সবশেষে নাহিদ ইসলাম বলেন, “এটা আমাদের জন্য লজ্জার; যেখানে গণঅভ্যুত্থানের পরেও পরিবারতন্ত্রের লিগেসি ধরে উত্তরাধিকার ছাড়া যেন উনার নিজের কোনো অর্জনই নেই। থাকলে তো উনি সেটাই তুলে ধরতেন। সে অর্জন নিয়ে তিনি দেশে ফিরতেন।”
