পশ্চিমবঙ্গের জনৈক মন্ত্রীর বাংলাদেশ দখলের বক্তব্যকে ‘পাগলের প্রলাপ’ ও ‘মতিভ্রম’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কেউ আঙুল তুললে তার সমুচিত জবাব দেওয়া হবে। একই সঙ্গে এমন উন্মাদ প্রকৃতির লোক ও তাদের পৃষ্ঠপোষকদের ক্ষমতাচ্যুত করতে ভারতীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে ভারতীয় জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, আধুনিক জাতিরাষ্ট্রভিত্তিক বিশ্বব্যবস্থায় এক দেশের মন্ত্রী হয়ে অন্য একটি দেশ দখলের কথা বলা মতিভ্রম ছাড়া কিছু নয়। যে ব্যক্তি প্রতিবেশী দেশের ইতিহাস, ঐতিহ্য ও সক্ষমতা সম্পর্কে জানে না এবং নিজের দায়িত্বের সীমা বোঝে না, তিনি যদি পশ্চিমবঙ্গের মন্ত্রীর দায়িত্ব পালন করেন, তাহলে ভারতীয়দের নিজেদের পরিণতি নিয়ে শঙ্কিত হওয়া উচিত।
তিনি বলেন, ‘অর্জুন সিং যা বলেছেন, তা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। মিথ্যা ও অবাস্তব তথ্যের ভিত্তিতে এমন অলীক কল্পনাপ্রসূত বক্তব্যকে আমলে নেওয়ার কোনো কারণ নেই। এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে তাকে বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাস-ঐতিহ্য স্মরণ করিয়ে দেওয়াকেও বাহুল্য মনে করছি।’
তবে তিনি সতর্ক করে বলেন, ‘তিনি যেহেতু মন্ত্রী, তাই সাবধান করে দিচ্ছি—বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কেউ আঙুল তুললে কিংবা চোখ তুলে তাকালে তার সমুচিত জবাব দেওয়া হবে।’
অখণ্ড ভারতপন্থীদের উদ্দেশে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এমন উন্মাদ প্রকৃতির লোকদের ব্যাপারে ভারতীয় জনগণকে সতর্ক হতে হবে। তাদের এবং তাদের পৃষ্ঠপোষকদের ক্ষমতাচ্যুত করতে হবে। অন্যথায় তারা নিজেদের সর্বনাশের পাশাপাশি ভারতীয় জনগণেরও সর্বনাশ ডেকে আনবে।
তিনি আরও বলেন, ‘আমরা এই অর্বাচীন মন্ত্রী ও তার মতো অলীক কল্পনার জগতে বাস করা অখণ্ড ভারতপন্থীদের সতর্ক করে দিচ্ছি—নিজের পায়ে নিজেরা কুড়াল মারবেন না।’
