শেখ হাসিনা এখন ভারতের জন্যও অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি যে একটি সমস্যা, তা ভারতও বুঝতে পারছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বিষয়টি এমন যে, আপনি কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন। পরে দেখলেন, তিনি সেখানে ঢুকে এমন পাগলামি করছেন ও উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যে, তাঁকে বেরও করতে পারছেন না, আবার তাঁর কর্মকাণ্ড সহ্যও করতে হচ্ছে। এভাবে বিষয়টি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য এক ধরনের নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য রয়েছে ভিন্ন নীতি।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ। তিনি নিজে দেশে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়। বরং তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
