উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ জোহর রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশে উলামায়ে কেরামের উদ্দেশে বয়ান করবেন।
দুই দিনের সফরে বাংলাদেশে এসে দেশের বিভিন্ন কওমি মাদরাসার ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে দেশের আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মুফতি আবুল কাসেম নোমানীর। এদিন বাদ মাগরিব রাজধানীর গেন্ডারিয়ায় জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দস্তারবিইন্দ মহাসম্মেলনে অংশ নেবেন তিনি। তিন দিনের মহাসম্মেলনের সমাপনী আলোচনা ও দোয়া পরিচালনা করবেন তিনি।
বৃহস্পতিবার বাদ জোহর ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশে তার বয়ানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ। এ ছাড়া আরও কিছু কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।
এর আগে গত আগস্টে চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন মুফতি আবুল কাসেম নোমানী। সে সময় রাজধানীর নিউমালিবাগ মাদরাসা, বসুন্ধরা মাদরাসা ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদসহ বিভিন্ন কওমি মাদরাসার আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তিনি। ৫ আগস্ট রাজধানীর খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে আয়োজিত একটি ইলমি সেমিনারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
